আলো ডেস্ক: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় পরাজিত নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানসহ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
ফুলবাড়িয়া থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতিষ চন্দ্র দেব বাদী হয়ে মামলাটি দায়ের করেন। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়িয়া থানার ওসি মোল্লা জাকির হোসেন।
তিনি বলেন, ১১ নভেম্বর উপজেলার আছিম পাটুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে জঙ্গলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে নৌকার চেয়ারম্যান প্রার্থী এসএম সাইফুজ্জামানের কয়েকশ সমর্থক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার ওপর হামলা চালায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলার বিষয়ে জানতে এসএম সাইফুজ্জামানের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে আছিম পাটুলি ইউনিয়নে বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী ইমরুল কায়েস ১০ হাজার ৬২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নৌকা প্রতীকের পরাজিত প্রার্থী এসএম সাইফুজ্জামান পেয়েছেন চার হাজার ১৩৬ ভোট।
