আলো ডেস্ক
জুলাইয়ের রাজনৈতিক ও প্রশাসনিক শক্তির মধ্যে ফাটল তৈরির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছে করে জুলাই ঐক্য নামক একটি প্লাটফর্ম।
বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে শাহবাগ দিয়ে ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
জুলাই ঐক্যের সংগঠক সাইদুর রহমান সরকার বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট প্রায় দুই হাজার ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা স্বাধীন হয়েছি। কিন্তু একটা গোষ্ঠী এই জুলাই ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। বাংলাদেশর সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে আমাদের একসাথ হয়ে কাজ করতে হবে। যখনই দেশ হুমকির মধ্যে পড়বে আমরা আবারও জুলাইয়ের মতো রাস্তায় নেমে আসবো।’
তিনি আরও বলেন, ‘ইন্টেরিম সরকারে ভারতীয় আধিপত্যবাদের দোসররা আবারও দেশকে ভারতীয়দের কাছে তুলে দিতে চায়। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে তা সফল হবে না। এবার রাজপথে নামতে হলে আপনাদের উৎখাত করে দেশ ছাড়া করা হবে। যারা জুলাই ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করুন। উপদেষ্টা পরিষদে ভারতীয় কোনও দালাল থাকতে পারবে না।’
সংক্ষিপ্ত সমাবেশে মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ কয়েকটি দাবি তুলে ধরেন। তার মধ্যে রয়েছে সব জায়গা থেকে ভারতীয় আধিপত্যবাদ দূর করা, যারা জুলাই ঐক্যেকে বিনষ্ট করার চেষ্টা করছে তাদের চিহ্নিত করে বিচার করা, আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদারের পদত্যাগ এবং জুলাই প্রোক্লেমেশন ঘোষণা করে সংবিধানে অন্তর্ভুক্ত করা।
