আলো ডেস্ক: ‘ধর্ষণের হুমকি’ দেওয়া বাসচালকের সহকারীকে গ্রেপ্তার এবং গণপরিবহনে হাফ পাস (অর্ধেক ভাড়া) চালুর দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করেছেন শিক্ষার্থীরা।
গতকাল রোববার বেলা ১২টার পর রাজধানীর বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেন।
বাসে অর্ধেক ভাড়া দিতে চাওয়ায় এক ছাত্রীকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়া হয়েছে- এমন অভিযোগে গতকাল রোববার সকালে রাজধানীর বকশীবাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘ধর্ষণের হুমকি’র বিচার ও গণপরিবহনে হাফ পাসের (অর্ধেক ভাড়া) দাবিতে সকালে বদরুন্নেসা কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা মিছিল বের করতে চাইলে কলেজ ফটকে থাকা পুলিশ তাদের বাধা দেয়।
পরে রাজধানীর অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গেলে ফটক খুলে দেওয়া হয়। সকাল ১০টার কিছুক্ষণ পরে কয়েকশ’ শিক্ষার্থী মিছিল নিয়ে বকশীবাজার মোড়ে গিয়ে সড়কে অবস্থান নেন। এতে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।
শিক্ষার্থীদের অভিযোগ, গত শনিবার রাজধানীর শনির আখড়ায় ঠিকানা পরিবহনের একটি বাসে বদরুন্নেসা কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অর্ধেক ভাড়া দিতে চাইলে তাকে ধর্ষণের হুমকি দেন বাসচালকের সহকারী। শিক্ষার্থীরা এর বিচার দাবি করেন।
শিক্ষার্থীদের অবরোধের কারণে চানখাঁরপুল থেকে বকশীবাজার এবং বকশীবাজার, ঢাকা শিক্ষা বোর্ড ও বুয়েট অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সেখানে শিক্ষার্থীদের ‘হাফ পাস ভিক্ষা না আমাদের অধিকার’,
‘নিজের অধিকার চাইলে মেলে ধর্ষণের বার্তা’ প্রভৃতি লেখা প্ল্যাকার্ড‘ হাতে ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে দেখা যায়।
