আলো ডেস্ক: অসুস্থ খালেদা জিয়ার কিছু হলে তার পরিণতি ‘ভয়াবহ হবে’ বলে ক্ষমতাসীনদের হুঁশিয়ার করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল রোববার দুপুরে এক দোয়া মাহফিলে তিনি বলেন, আমি সরকারকে আবারো বলছি, এখনো সময় আছে, দেশনেত্রীকে মুক্তি দিন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে যেতে দিন।
আপনি মনে করেছেন অনেক পার পেয়ে গেছেন। যারা অন্যায় করে, আল্লাহ কিন্তু তাদেরকে অনেক দড়ি ছেড়ে দেয় প্রথমে। তারপরে যখন দড়ি টান দেবে, তখন হুড়মুড় করে পড়ে যাবেন, তখন অনেকে কিন্তু আঘাতপ্রাপ্ত হবে।
সরকারের উদ্দেশে রিজভী বলেন, জাতীয়বাদী শক্তির যে ধরনের আত্মপ্রত্যায় দেখছি, অঙ্গীকার দেখছি, যদি দেশনেত্রীর কিছু হয়, এই বাংলাদেশে আপনি (সরকার) এক মুহূর্ত টিকতে পারবেন না।
৭৬ বছর বয়েসী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত ১৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি। তাকে চিকিৎসার জন্য বিদেশে নিতে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। কিন্তু সরকারের তরফ থেকে বলা হচ্ছে, যেহেতু দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দেওয়া হয়েছে, সেহেতু তাকে এখন বিদেশে যাওয়ার অনুমতি দেওয়ার সুযোগ নেই।
তিনি যদি কারাগারে ফিরে গিয়ে আবেদন করেন, সরকার তখন তা বিবেচনা করতে পারে। বর্তমান সরকারকে ‘গণবিরোধী’ আখ্যা দিয়ে দোয়া অনুষ্ঠানে রিজভী বলেন, তারা ক্ষমতাচ্যুত হলে কেউ পাশে থাকবে না।
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় জাতীয়তবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলও বক্তব্য রাখেন।
এছাড়া বিএনপির মীর সরফত আলী সপু, আমিনুল ইসলাম, উলামা দলের নজরুল ইসলাম তালুকদার, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গোলাম সারোয়ার, আনোয়ার মোহাম্মদ শামীম আজাদ, সুলতান মো. নাসির, সাহাবুদ্দিন মুন্না, এবিএম পারভেজ রেজা, ওয়াহিদ ইমতিয়াজ বকুল, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ইয়াসীন আলী, যুগ্ম সম্পাদক সাদরেজ জামান, আরিফুর রহমান, তারেক-উজ জামান তারেক, মুস্তাফিজুর রহমান মনির, আবদুল কুদ্দুস, আশরাফ উদ্দিন রুবেল, আহসান হাবিব প্রান্ত, মহানগর দক্ষিণের এসএম জিলানী, নজরুল ইসলাম, উত্তরের ফখরুল ইসলাম রবিন, গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ দোয়া মাহফিলে বক্তব্য দেন।
