আলো ডেস্ক: দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেন। নইলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে।
গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি গঠিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি এ সভার আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। অনতিবিলম্বে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হোক।
নইলে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
সভাপতিত্ব করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
