পাকিস্তানের টেস্ট দল এখন ঢাকায়
এফএনএস স্পোর্টস: বিশ্বকাপের দাপট ধরে রেখে বাংলাদেশ সফরে টি-টোয়েন্টি সিরিজ জিতে গেছে পাকিস্তান। টি-টোয়েন্টির পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে সফরকারীরা।
টেস্ট খেলতে রোববার পাকিস্তানের টেস্ট দল ঢাকায় এসেছে। বিকেল ৫টায় আজহার আলী, ইমাম উল হকসহ ১৪ জনের বহর ঢাকায় এসে পৌঁছেছে।
বিসিবির বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দলের অনুশীলন ইতোমধ্যে চট্টগ্রামে শুরু হয়েছে।
আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। পরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৪ ডিসেম্বর।
