রাজশাহীর আলোঃ-ভ্রাম্যমান প্রতিনিধি
রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদ (ইউ’পি) নির্বাচনকে ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। গত রবিবার সকালে ২নং ঘাসিগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস দখল করে তাতে নৌকা প্রতীকের পোস্টার লাগানোর অভিযোগ উঠেছে।
গত রবিবার এই উপজেলার শ্যামপুর বাজারে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচার অফিসে এ ঘটনা ঘটে। স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন বকুল উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ও স্বতন্ত্র প্রার্থী মোঃ আফজাল হোসেন বকুলের সাথে কথা বলে আমাদের প্রতিবেদক জানতে পারেন যে, গত রবিবার সকাল ১০ টার সময় শ্যামপুর বাজারে তার নির্বাচনি অফিসে এসে নেতাকর্মীদের হুমকি-ধামকি দিয়ে নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও সংসদ সদস্য মোঃ আয়েন উদ্দিনে আপন বড় ভাই মোঃ আজহারুল ইসলাম বাবলুর সমর্থিত কর্মী যুবলীগ নেতা মোঃ একরামুল হক বিজয় তার লোকজন নিয়ে অফিস দখল করে আনারসের পোস্টার ছেঁড়ে ফেলে, পোস্টারের ওপর নৌকার পোস্টার লাগিয়ে দেন।
স্বতন্ত্র প্রার্থী মোঃ আফজাল হোসেন বকুল তার অভিযোগে আরও উল্লেখ্য করেন, নৌকার নেতাকর্মীরা প্রতিনিয়ত আমার প্রচার-প্রচারণায় বাধা ও হুমকি দিচ্ছেন। এই ইউনিয়নে নৌকার প্রার্থীসহ দুইজন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নির্বাচনি মাঠে রয়েছেন। আগামী ২৮ শে নভেম্বর রোজ রবিবার এই ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
নৌকার প্রার্থী মোঃ আজহারুল ইসলাম বাবলুকে একাধিক বার ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়। মোহনপুর উপজেলা নির্বাচন অফিসার মোঃ জয়নুল আবেদীন বলেন, আমি অভিযোগ পেয়েছি। দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
