মাহাবুর রহমান বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
“উৎসবে দূর্যোগে, নিঃশ্বাসে বিশ্বাসে—আমাদের বাঘা আপনাদের পাশে”—এই মানবিক স্লোগানকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফুড প্যাক বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করছে ফেসবুকভিত্তিক কমিউনিটি গ্রুপ “আমাদের বাঘা”।
সংগঠনটির উদ্যোগে বাঘা উপজেলার দুটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের অসচ্ছল, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে নেওয়া এই উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।
প্রায় ১৩ বছর আগে প্রতিষ্ঠিত “আমাদের বাঘা” গত ৭–৮ বছর ধরে ধারাবাহিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সময়ের পরিক্রমায় সংগঠনটি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসার প্রতীক হয়ে উঠেছে।
এবারের কার্যক্রমের অংশ হিসেবে একজন অসহায় প্রতিবন্ধী ব্যক্তিকেও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, যা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
এই কর্মসূচির অর্থায়নে অংশ নিয়েছেন প্রবাসী সদস্য, উপদেষ্টা মণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্যসহ অসংখ্য শুভানুধ্যায়ী। তাদের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় সফলভাবে বাস্তবায়িত হচ্ছে এই মহতী উদ্যোগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় তাদের রয়েছে।
