আলো বিদেশ ডেস্ক: ভারতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়া জেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। গত শনিবার গভীর রাতে ট্রাকে করে মৃতদেহ শ্মশানে নিয়ে যাচ্ছিলেন একদল শবযাত্রী।
রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকা অন্য একটি ট্রাকের সাথে ওই ট্রাকটি ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয় এবং পরে আহতদের মধ্যে রাতেই ৫ জনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন স্থানীয় প্রশাসন।
নিহতদের মধ্যে ৬ জন নারী ও দুই শিশু রয়েছেন। স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে জানা গেছে, রাতে উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার পরমদন ফরেস্ট এলাকার বাসিন্দা প্রবীণ নাগরিক শ্রাবণী মুহুরীর বয়সজনিত কারণে মৃত্যু হয়।
তার মৃতদেহ নিয়ে পাশে নদীয়ায় একটি শ্মশানে নিয়ে দাহ করতে প্রায় ৪০ জন শ্মশান যাত্রী ( যারা মৃতদেহ দাহ করতে যান ) নিয়ে একটি ট্রাক রওনা করে।
কিন্তু পথে নদীয়া জেলার হাঁসখালি ব্লকের ফুলবাড়ির এলাকার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে নিয়ন্ত্রণ হারিয়ে শবযাত্রীবাহী ট্রাক ধাক্কা খায়।
ট্রাকে থাকা শবযাত্রীরা ধাক্কা খেয়ে এদিক ওদিক উড়ে গিয়ে পড়েন। এতেই ১২ জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। পরে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে বাকি ৫ জনের মৃত্যু হয়।
নদীয়া জেলা পুলিশ জানায়, ট্রাক চালক মদ্যপ ছিলেন কি না সেটা খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই ঘটনাতে ওই ট্রাক চালকেরও মৃত্যু হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
