আলো বিদেশ ডেস্ক: যে কারণে সিএনএনের চাকরি গেল কুমোর
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে ‘অনৈতিক’ সহায়তা দেওয়ায় মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন থেকে চাকরি হারিয়েছে তার ভাই ক্রিস কুমো।
অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে যৌন হয়রানির একাধিক অভিযোগের তদন্তের সময় সাংবাদিকতার প্রভাব খাটিয়ে তাকে সহযোগিতা করার অভিযোগ এনে সিএনএন উপস্থাপক থেকে বহিষ্কার করা হয় ক্রিসকে।
জনপ্রিয় উপস্থাপক ক্রিস কুমোকে চাকরিচ্যুত করেছে সিএনএন। মার্কিন এ সংবাদ মাধ্যম জানায়,বড় ভাইকে রক্ষায় ক্রিসের ভূমিকার তথ্য এবং প্রমাণ পাওয়ার পর তাকে চাকরিচ্যুত করা হয়।
২০১৩ সালে কাজ শুরুর পর ক্রিস ধীরে ধীরে সিএনএনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছিলেন। গত বছরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর, বিশ্লেষণসহ সংবাদমাধ্যমটির যাবতীয় আয়োজনেও ছিলেন নেতৃস্থানীয় ভূমিকায়। সিএনএনের বিবৃতিতে বলা হয়, যৌন হয়রানির অভিযোগের বিরুদ্ধে লড়াইয়ে ভাইকে সাহায্য করতে ক্রিস কুমোর প্রচেষ্টার বিষয়টি তদন্তে একটি নামকরা আইনি প্রতিষ্ঠানকে নিয়োগ করা হয়।
ওই আইনি প্রতিষ্ঠানের অনুসন্ধান রিপোর্টে উঠে আসে সিএনএনের প্রভাব খাটিয়ে ভাইয়ের পক্ষ নিয়েছিল ক্রিস কুমো। যা সাংবাদিকতার নৈতিকতাবিরোধী।
অবশেষে তাকে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করে সিএনএন। এর আগে গত সপ্তাহে ‘ভাইকে পর্দার আড়াল থেকে সহযোগিতা করার’ চেষ্টার অভিযোগে ক্রিসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
গত সোমবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল প্রকাশিত নথিতে দেখা যায় ভাইয়ের সুরক্ষায় গভর্নর কার্যালয়ের কর্মীদের ধারাবাহিক চাপে রেখেছিলেন ক্রিস।
নিউইয়র্কের আইনজীবীদের তদন্ত প্রতিবেদনে গভর্নরের বিরুদ্ধে ১১ নারী কর্মীকে যৌন হয়রানির অভিযোগে আনা হলে আগস্টে নিউইয়র্ক গভর্নর পদ থেকে পদত্যাগ করেন অ্যান্ড্রু কুমো।
