আলো বিনোদন: মা হতে চলেছেন লাফটার কুইন ভারতী সিং
ভারতের শোবিজে এখন আনন্দের বন্যা, কেউ মা হচ্ছেন কেবা বিয়ে করছেন। পাশাপাশি চলতি বছরেই মাতৃত্বকে স্বাগত জানিয়েছেন বহু তারকা দম্পতি। আনুশকা, কারিনা, শ্রেয়া থেকে ছোটপর্দার জনপ্রিয় মুখ কিশওয়ার মার্চেন্ট, অনিতা হাসনন্দানি, অদিতি সিং-রা মা হয়েছেন চলতি বছর। বছর শেষের আগেই আরও একটা সুখবরের গুঞ্জন শোনা যাচ্ছে।
গোপন সূত্রে জানা গেছে, মা হতে চলেছেন লাফটার কুইন ভারতী সিং। আগামী বছর হর্ষ-ভারতীর কোল আলো করে আসবে খুদে অতিথি। খবর হিন্দুস্তান টাইমসের। জুটির এক ঘনিষ্ঠ সূত্র ভারতীর অন্তসত্ত্বা হওয়ার খবর নিশ্চিত করেছে। সূত্র বলছে, ‘এটা খুব প্রাথমিক পর্যায়ে রয়েছে, আপাতত বিশ্রামে রয়েছেন ভারতী এবং নিজের সমস্ত কাজ বন্ধ রেখেছেন। খুব বেশি বাইরে বার হচ্ছেন না ভারতী’।
তবে খুব শীঘ্রই কাজে ফিরবেন ভারতী। চলতি সপ্তাহের শেষেই কপিল শর্মার শো-এর শ্যুটিং সেটে হাজির হওয়ার কথা ছিল ভারতীর, তবে এখন জানা যাচ্ছে হয়ত কয়েক সপ্তাহ পর ভারতী এই কমেডি শো-তে ফিরবেন।
মা হওয়ার খবরের সত্যতা যাচাই করতে যোগাযোগ করা হয়েছিল ভারতীর সঙ্গে, খবর স্বীকার না করলেও এটিকে গুঞ্জন বা ভুয়া খবর বলে উড়িয়েও দিলেন না ভারতী।
এই কৌতুকাভিনেতা বলেন, ‘আমি এই মুহূর্তে এটা নিয়ে কিছু বলতে চাই না। যখন সঠিক সময় আসবে আমি তখন নিশ্চই বলব। এইসব খবর তো আর গোপন রাখা যায় না। যখন আমি চাইব নিশ্চয় জানাব’।
