আলো ডেস্ক: টানা ১৬ দিন বন্ধ থাকার পর ভারতের আগরতলা স্থলবন্দর হয়ে গত দুই দিনে বাংলাদেশে এসেছে ১ হাজার টন গম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ গম আমদানি করা হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আমদানি হওয়া ১০০টন গম ট্রাক থেকে খালাস করা হয়েছে। এর আগে, বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩০০টন এবং গত বৃহস্পতিবার আরো ৭০০ টন গম আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছায়।
ভারত থেকে গম আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। গম ছাড়াতে আখাউড়া স্থলবন্দরের কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে মেসার্স খলিফা এন্টারপ্রাইজ। আখাউড়া স্থলবন্দর সূত্রে জানা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর নিজ দেশে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশে গম রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত।
এর দুইমাস পর গম রপ্তানি শুরু করে প্রতিবেশি দেশটি। কিন্তু অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে রেললাইন ও সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় আগরতলা হয়ে বাংলাদেশে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে সব কিছু স্বাভাবিক হলে গত ১ আগস্ট আগরতলা স্থলবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের গম রপ্তানি করে ভারত। এরপর আবারও ১৬ দিন বন্ধ থাকার পরে ভারত থেকে গত দুইদিনে ১ হাজার টন গম আসে এই বন্দরে।
মেসার্স খলিফা এন্টারপ্রাইজের মো. মোজাম্মেল হক জানান, গম রপ্তানিতে ভারত সরকার নিষেধাজ্ঞা জারির আগেই ২ হাজার ৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোভেট লিমিটেড। ওই এলসির প্রথম চালানে ১ হাজার টন গম গত দুইদিনে আখাউড়া স্থলবন্দরে এসেছে। এরমধ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১১টি ট্রাকে ৩০০টন এবং গত বৃহস্পতিবার ৫৪টি ট্রাকে আসে ৭০০টন গম। আজী শনিবার দ্বিতীয় চালানের আরও এক হাজার টন এবং পরবর্তীতে তৃতীয় চালানে বাকি ৫০০ টন গম আসার কথা রয়েছে।
