আলো ডেস্ক: দেশের আকাশে গতকাল বুধবার পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ বৃহস্পতিবার ১৪৪৪ হিজরি সনের রবিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল শুক্রবার থেকে পবিত্র রবিউস সানি মাস গণনা শুরু হবে। আগামী ৭ নভেম্বর (১১ রবিউস সানি) ফাতেহা-ই-ইয়াজদাহম পালিত হবে। গতকাল বুধবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। এতে দেখা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ‘ইয়াজদাহম’ অর্থ এগারো, আর ‘ফাতিহা’ অর্থ দোয়া করা। আল্লাহর ওলি বড় পীর হজরত আবদুল কাদের জিলানী (র.) এর মৃত্যু (ওফাত) দিবস উপলক্ষে মুসলমানদের দোয়া অনুষ্ঠানই হচ্ছে ‘ফাতেহা-ই-ইয়াজদাহম’। এ দিন মুসলমানদের ঐচ্ছিক ছুটির দিন।
ইসলাম ধর্মের অন্যতম প্রচারক আবদুল কাদের জিলানী হিজরি ৫৬১ সনের ১১ রবিউস সানি মৃত্যুবরণ করেন। সারা বিশ্বের সব মুসলমান ওই দিনটি ফাতেহা-ই ইয়াজদাহম হিসেবে পালন করে আসছে। সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমান, প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ মুহাম্মদ আবদুর রশীদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মুহাম্মদ নিয়ামতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
