আলো ডেস্ক: রংপুরের পীরগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৩৭ আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহাবুবার রহমান আসামিদের সাতদিন করে রিমান্ডের আবেদন জানালে আদালত তাদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এক আসামির বয়স ১৮-এর কম হওয়ায় তাকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। পীরগঞ্জ আমলি আদালতের বিচারক ফজলে এলাহী খান এ আদেশ দেন। রিমান্ড মঞ্জুরের ব্ষিয়টি নিশ্চিত করেছেন আদালতের সাধারণ নিবন্ধক (জিআরও) শহিদুর রহমান। ফেসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত রোববার রাতে পীরগঞ্জে রামনাথপুর ইউনিয়নের উত্তরপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা চালানো হয়। এ ঘটনায় মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে দুটি মামলা করেন পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন। এরমধ্যে একটি মামলা হয়েছে বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটের ঘটনায়। এতে ৪১ জনের নামসহ অজ্ঞাতপরিচয় অনেককে আসামি করা হয়েছে। আরেক মামলার আসামি পরিতোষ সরকারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। জেলার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গত বুধবার রাতে পীরগঞ্জ থানার উপপরিদর্শক সুপথ হালদার এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেছেন। নতুন মামলায় দুজনকে আসামি করা হয়েছে। আল আমিন ও উজ্জ্বল হাসান নামের ওই দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।
