আলো ডেস্ক: বাগেরহাটের চিতলমারীতে গাছের ডাল কাটা নিয়ে ঝগড়ার সময় ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের আড়ুয়াবর্ণি গ্রামের চরপাড়ায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান।
নিহত ইউনুস শেখ (৪২) ওই গ্রামের প্রয়াত শেখ সেকেল উদ্দিনের ছেলে। তার বড় ভাই ইব্রাহিম শেখের ছেলে হোসাইন শেখ (২৫)। ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, গত শুক্রবার সন্ধ্যায় ভাতিজা হোসাইন শেখের লাগানো একটি ফলজ আমড়া গাছের ডাল কেটে ফেলেন ইউনুস শেখ। এই ডাল কাটা নিয়ে ইউনুসের সঙ্গে হোসাইনের কথাকাটাকাটি হয়।
“এক পর্যায়ে হোসাইন ক্ষিপ্ত হয়ে পাশে থাকা বাঁশের লাঠি দিয়ে চাচা ইউনুসের মাথায় আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোসাইন ও তার মা বেবিয়া বেগম ওরফে বেবিকে (৪৫) গ্রেপ্তার করে।
তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি জানান, গতকাল শনিবার দুপুরে বাগেরহাট জেলা হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
