আলো ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। গতকাল শনিবার সকালে ভোলাহাট-কানসাট সড়কের সোনাজল এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভোলাহাট উপজেলার গোহালবাড়ি গ্রামের মৃত ইদ্রিস আলীর মেয়ে ফাতেমা বেগম (৪৩) ও একই উপজেলার ধরমপুর গ্রামের সমসের আলীর ছেলে হেলাল উদ্দিন (৩৫)। এ ঘটনায় আহতরা হলেন- বিরেশ্বরপুরের বারিক আলীর ছেলে নাঈম আলী, ফুটানীবাজারের ইসরাঈলের ছেলে নজরুল ইসলাম ও একই এলাকার মৃত বাবুর ছেলে ইসরাঈল।
আহতদের সবার বাড়ি ভোলাহাট উপজেলায় এবং আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ভোলাহাট থেকে কানসাটগামী একটি দ্রুত গতির সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি আরোহী পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
আহতদের হাসপাতালে নেওয়ার পথে ফাতেমা ও হেলালের মৃত্যু হয়। এ ছাড়া বাকি তিন যাত্রীকে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভোলাহাট থানার ওসি সেলিম রেজা বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেছে। ঘটনার পর থেকেই দুই যানবহনেরই চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
