আলো ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তারুণ্যের সমাবেশ চলাকালীন মঞ্চ ভেঙে এক নারী সাংবাদিক ও যুবদলকর্মী আহত হয়েছেন। আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন সাংবাদিক মোছা. শিরিন আক্তার (৪৪) ও যুবদলকর্মী মো. নাঈম (২২)। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে। চিকিৎসক জানিয়েছেন, আহত যুবদলকর্মী নাঈমের বাম পা ভেঙে গেছে।
আর সাংবাদিক শিরিন আক্তার পায়ে হালকা ব্যথা পেয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে আসা হাবিব উদ্দিন বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বিএনপির তারুণ্যের সমাবেশের মঞ্চ ভেঙে গেছে। আমিও সামান্য আহত হয়েছি।
তবে, যুবদলকর্মী নাঈমের বাম পা ভেঙে গেছে। শিরিন আক্তার নামে এক সাংবাদিক পায়ে সামান্য ব্যথা পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অবজারভেশনে রাখা হয়েছে।
