আলো ডেস্কঃ গাড়িতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার অভিযোগ তুলছেন পরিবহন মালিক শ্রমিক নেতারা। গত শনিবারের ঘটনায় রোববার এক বিবৃতিতে এমন অভিযোগ করা হয়।
এতে বলা হয়, বিএনপির ডাকা অবস্থান কর্মসূচির নামে সন্ত্রাসীরা ঢাকা শহরে চলাচলকারী বিভিন্ন পরিবহনের সাতটি গাড়িতে অগ্নিসংযোগ করে সম্পূর্ণ ধ্বংস এবং ২৪টি গাড়ি ভাঙচুর করেছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা, মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি শাজাহান খান ও সাধারণ সম্পাদক ওসমান আলী এই যৌথ বিবৃতি দিয়েছেন।
এতে বলা হয়, আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও কোনোভাবেই বরদাশত করা যায় না। এ ধরনের ধ্বংসাত্মক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর ক্ষতিপূরণ আন্দোলনকারীদের কাছ থেকে আদায় করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবি জানানো হচ্ছে।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সামদানী খন্দকার স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১৪-১৫ সালে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে সারা দেশে পাঁচ হাজার গাড়ি অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে এবং ৯২ জন শ্রমিককে হত্যা করেছে।
অতীতের মতো আবারও আন্দোলন কর্মসূচির নামে সহিংসতা শুরু করেছে।
