আলো ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কর্তব্যরত অবস্থায় আহত ও অসুস্থ ১০০ জন পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য ২৯ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় ডিএমপির হেডকোয়ার্টার্সে অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যদের মাঝে এ অর্থ তুলে দেন তিনি। গত ১০ অক্টোবর ডিএমপি কল্যাণ তহবিল ব্যবস্থাপনা পরিষদের ৬৫তম সভা ডিএমপি হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হয়। সভায় ১০০ জন পুলিশ সদস্যের অনুকূলে ২৮ লাখ ৯৭ হাজার ৫৯০ টাকার আর্থিক অনুদান মঞ্জুর করা হয়। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. আসাদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
