আলো ডেস্কঃ ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগান নিয়ে দেশে প্রথমবারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপন হচ্ছে আজ (বৃহস্পতিবার )। জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাষ্ট্রপতির বাণী: বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, ‘বাংলাদেশে প্রথম বারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপনের উদ্যোগকে আমি স্বাগত জানাই। এ উপলক্ষে স্থানীয় সরকারের প্রতিনিধি ও স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শোষিত, বঞ্চিত ও নিপীড়িত জনতার মুক্তির জন্য আজীবন সংগ্রাম করেছেন। এ দেশের মানুষের মৌলিক চাহিদা পূরণ ও অর্থনীতির শক্ত ভিত গড়ে তোলার জন্য স্বাধীনতার পরপরই নবরূপে গঠন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর, সংস্থা, আইনকানুন ও বিধিবিধান।
প্রধানমন্ত্রীর বাণী: জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আজ দেশে প্রথম বারের মতো ‘জাতীয় স্থানীয় সরকার দিবস’ উদযাপিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই শুভক্ষণে আমি স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের সব সদস্য এবং এ দেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এই দিবসের মাধ্যমে মাটি ও মানুষের আরও কাছাকাছি যাওয়া এবং জনগণকে সেবা প্রদানের নতুন দ্বার উন্মোচিত হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। দিবসটির প্রতিপাদ্য ‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে বলে আমি মনে করি। প্রধানমন্ত্রী বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শনের মাধ্যমে এ দেশে স্থানীয় সরকারের মূল ভিত্তিভূমি রচিত হয়, যা তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৯ ও ৬০ অনুচ্ছেদে এবং প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সুস্পষ্ট করেন। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি অন্যতম পরিকল্পনা ছিল ‘নতুন স্থানীয় সরকারপ্রতিষ্ঠানগুলো রাস্তা, ড্রেন ও সেচব্যবস্থার অবকাঠামো তৈরি ও রক্ষণাবেক্ষণ, জনস্বাস্থ্য, স্যানিটেশন শিক্ষা এবং সমাজকল্যাণ পরিষেবা সরবরাহের জন্য দায়বদ্ধ থাকবে।’ সেই পরিক্রমায় সারা দেশে সব স্থানীয় সরকারপ্রতিষ্ঠান বহুমাত্রিক সুবিপুল কার্যক্রমে কর্মতৎপর ও নিবেদিত। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার বিগত সাড়ে ১৪ বছরে পল্লি খাতে ৭৫ হাজার ৮২৫ কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ৪ লাখ ৩৫ হাজার ৩০৭ মিটার নতুন ব্রিজ-কালভার্ট নির্মাণ, পুনর্নির্মাণ করেছে।
