আলো ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিজের চায়ের দোকান থেকে হযরত আলী নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে পৌর এলাকার পয়রাডাঙ্গা দাদা মোড়ের চায়ের দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। হযরত আলীর স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দাদা মোড়ের চায়ের দোকান ছিল হযরত আলীর। দোকানটি দেখাশোনা করতেন তার দ্বিতীয় স্ত্রী ফিরোজা বেগম। হযরত আলী গ্রামে ঘুরে ভাঙারির মালামাল কিনে তা শহরে ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন। স্থানীয় এক ছেলের সঙ্গে হযরত আলীর স্ত্রীর সখ্যতা থাকায় বিষয়টি নিয়ে পারিবারিক বিরোধ লেগেই থাকতো।
গত শনিবার সন্ধ্যায় বাজারে চা খেয়েছেন। তার পরের দিন তার মরদেহ পাওয়া গেল। হযরত আলীর ভাতিজা মতিয়ার রহমান বাচ্চু বলেন, রাত ১টার দিকে চাচি কল দিয়ে বলেছিলেন টেবিল থেকে পড়ে গিয়ে চাচা মারা গেছেন। কিন্তু অসুস্থ হলে আমাদের বললো না কেন? পুলিশ জানায়,
খবর পেয়ে ওই চায়ের দোকানের টেবিলের উপর শোয়ানো অবস্থায় মরদেহটি পাওয়া গেছে। তার গলা ও বুকে দাগ রয়েছে। নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
