এফএনএস আন্তর্জাতিক ডেস্ক: সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহ কটাক্ষ করে বলেছেন, ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার বদলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো পদে থাকলেই ভালো করতেন।
গত সোমবার নুরিয়াবাদ বিদ্যুৎকেন্দ্র অর্থপাচার মামলায় শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইমরান সরকারের কড়া সমালোচনা করে এ কথা বলেন তিনি।
মুরাদ আলী বলেন, সবাই জানে পিটিআই (ইমরান খানের দল) কীভাবে ক্ষমতায় এসেছে। এখন দলটির লোকজন নির্বাচনী জামানত বাজেয়াপ্ত করবে, কারণ স্রোত উল্টে গেছে। খবর জিও নিউজ। সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-লাব্বাইকের (টিএলপি) বিক্ষোভ-সহিংসতায় বেশ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১১জন নিহত হন।
সহিংসতা বন্ধে টিএলপির সঙ্গে সমঝোতা চুক্তি করেছে ইমরান খানের সরকার। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেন, সরকারের অদক্ষতার কারণেই মানুষ মারা যাচ্ছে।
মুরাদ আলী আশা প্রকাশ করে বলেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানই চ্যাম্পিয়ন হবে। তিনি আরও বলেন, ‘শুনেছি ইমরান খান দাবি করছেন, তার কারণেই টি-টোয়েন্টিতে পাকিস্তান ক্রিকেট দল ভালো খেলছে।’এ নিয়ে কটাক্ষ করে মুরাদ আলী বলেন, ‘আমি আগেও বলেছি, প্রধানমন্ত্রী ইমরান খান পিসিবিতে কাজ করলেই ভালো হতো।
