স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিনজনই রাজশাহী জেলার একজন নওগাঁর।
গতকাল শনিবার (৬ নভেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকন্দ্রে (আইসিইউ) দু’জন এবং ২৯/৩০ নম্বর ওয়ার্ডে দু’জন মারা গেছেন। এদের মধ্যে দু’জন পুরুষ এবং দু’জন নারী রয়েছে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪০ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩৯ জন। বর্তমানে রাজশাহীর ১৯ জন, চাঁপাইনবাবগঞ্জের আটজন, নাটোরের পাঁচজন, নওগাঁর একজন, পাবনার চারজন, কুষ্টিয়ার দু’জন এবং চুয়াডাঙ্গার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২৫ জন। করোনা ধরা পড়েনি ৯ জনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন চারজন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন একজন।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১২৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার জয়পুরহাটে ৫ দশমিক ৫৬ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জে ১৬ দশমিক ৬৭ শতাংশ।
