বাঘায় চাঁদাবাজ চক্রের ৪ সদস্য গ্রেফতার মূল চাঁদাবাজেরা ধরা ছোঁয়ার বাহিরে
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় চাঁদাবাজ চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে বাঘা বঙ্গবন্ধু চত্বরের সামনে পাঁকা রাস্তার উপর চাঁদাবাজ করার সময়ে তাদের গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে। তবে মূল চাঁদাবাজ ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে।
র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানী মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দলের অভিযানে গ্রেফতারকৃতরা হলো-উত্তর মিলিক বাঘা গ্রামের জাহাব আলীর ছেলে আবদুর রহমান রানা (২৭), পলাশী ফতেপুর গ্রামের ওয়াছাব আলীর ছেলে সোহাগ আলী (২৬), কলিগ্রামের মৃত আস্তুল মন্ডলের ছেলে আশাদুল ইসলাম (৩৫), লালপুর উপজেলার রাধাকান্তপুরপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে বিপ্লব আহম্মেদ (২৯)।এ সময় তাদের কাছে থেকে ১ হাজার ৭৬০ টাকা, একটি টালি খাতা, একটি কলম জব্দ করা হয়েছে।
তারা অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের নিকট হতে নিয়মিতভাবে সিরিয়ালসহ বিভিন্ন নামে চাঁদা আদায় করে থাকে এবং চাঁদা না দিলে ভাড়ায় চালিত অটোরিক্সা ও সিএনজি ড্রাইভারদের ভয়ভীতি প্রদর্শনসহ গাড়ী ভাংচুর, ক্ষয়-ক্ষতি ও মারধর করিয়া চাঁদা আদায় করাসহ যানবাহন চলাচলে বাধাপ্রদান করে আসছিলে বলে জানা গেছে।
বাঘা উপজেলা সিএনজি সমিতির সভাপতি/সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যরা ধরা ছোঁয়ার বাহিরে রয়েছে। সিএনজি মালিকগন এ সকল চাঁদা বাজদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় র্যাব বাদি হয়ে তাদের নামে চাঁদাবাজি মামলা দায়ের করেছেন। তাদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাঘা বাজারে প্রকাশ্যে রাস্তার মাঝখানে সিএনজি থামিয়ে বাঘা পৌর এলাকার ০৯ নং ওয়ার্ডের মুর্শিদপুর গ্রামের মৃত আকরাম আলীর ছেলে মাহাবুল আলম গ্রেফতার না হওয়ায় বাঘা সিএনজি চালক এবং সমিতি দুঃখ্য প্রকাশ করেছেন।
