আলো ডেস্ক এক্সক্লুসিভ: সুনামগঞ্জে নিজ বাসার বাথরুম থেকে ইয়াকুব আলী (২৬) নামে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।
এ সময় তার গলায় গামছা পেঁচানো ছিল। গত রোববার রাতে সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুত্রে জানা গেছে, ইয়াকুব আলীর বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কদমতলি গ্রামে। পরিবারের অন্যান্যের নিয়ে তিনি সুনামগঞ্জ পৌর শহরের বাঁধনপাড়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
২০২০ সালের জুলাই মাসে তিনি জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থায় (এনএসআই) মাঠকর্মী (ফিল্ডস্টাফ) হিসেবে চাকরিতে যোগ দেন। তিনি ঢাকায় কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি ছুটিতে সুনামগঞ্জে আসেন। পরিবারের সদস্যদের সঙ্গে তিনি শহরের বাসাতেই ছিলেন। ঘটনার সময় তার স্ত্রী গ্রামের বাড়িতে ছিলেন।
গত ২২ আগস্ট তিনি বিয়ে করেছিলেন। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বাথরুমে ঢুকে অনেক সময় পরও বের না হওয়ায় পরিবারের লোকজন তাকে ডাকাডাকি শুরু করেন।
কিন্তৃ কোনো শাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে দেখেন তার গলায় গামছা পেছানো লাশ ঝুলছে। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
