ছবি সংগৃহীত
আলো ডেস্ক
ক্ষমতায় থেকেও আতঙ্কিত সরকার, তাই সংলাপ নিয়ে তালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
মঙ্গলবার (১২ মার্চ) রাজধানীতে সদ্য কারামুক্ত যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্নার সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি না থাকায়, যে কোনো ইস্যুতে বিএনপির ওপর দোষ চাপায়। বিএনপি হতাশ নয় বরং প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন।
ড. আব্দুল মঈন খান বলেন, মধ্যবর্তী নির্বাচন চায় না দল, আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চাই। বিএনপি হতাশ নয়, প্রহসনের নির্বাচন করে সরকারই উদ্বিগ্ন। ক্ষমতায় বসেও আতঙ্কিত তারা। প্রতিদিনই বিএনপির ওপর দোষ চাপানোই প্রমাণ করে, ক্ষমতাসীনদের পায়ের নিচে মাটি নেই।
ক্ষমতাসীন দলের নেতারা একদিন বলেন তারা সংলাপ করবেন, আরেকদিন বলেন তারা সংলাপ করবেন না। এ নিয়ে তালবাহানা করছেন তারা, প্রতিদিনই তারা সিদ্ধান্ত পরিবর্তন করছেন। মানসিকতার পরিবর্তন না করা পর্যন্ত ক্ষমতাসীনদের সব বক্তব্য অর্থহীন। সরকারের মনস্থির করতে হবে, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কিনা। তারা যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হয়, তাহলে তাদের গণতন্ত্রের প্রতি আস্থা রাখতে হবে।
১১ মাস জেলে থাকার পর সেখানখার অভিজ্ঞতা নিয়ে মুখ খোলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না।
তিনি অভিযোগ করে বলেন, কারাগারে নখ তুলে ফেলা হয়েছে, ইলেকট্রিক শক দেয়া হয়েছে ছাত্রদল ও যুবদলের অনেক নেতাকর্মীদের।
