আলো ডেস্ক
রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণা দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মঙ্গলবার (১২ মার্চ) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক বিবৃতিতে বিএনপি নেতাদের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছেন; তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারেন না। অথচ তারা নিয়মিত সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছেন, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছেন। প্রকৃতপক্ষে বিএনপির নেতাকর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছেন, ভুল রাজনীতির ফ্রেমে বন্দি হয়ে আছেন। তারা খুনি-দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী তারেক রহমানের নেতৃত্বের দাসত্বে বন্দি হয়ে আছেন। তাদের শুভবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দিদশা থেকে মুক্তি পাবেন না। বন্দি অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তারা তাদের বন্দিত্বের দায়ভার সরকারের ওপরে চাপানোর অপচেষ্টা করছেন।
বিবৃতিতে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান মাসে জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে।
