স্টাফ রিপোর্টার
গোদাগাড়ী ৬নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন নব নির্বাচিত চেয়ারম্যান মো: সোহেল রানা। তিনি পেয়েছেন ১৬৪৭০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দী নৌকা প্রার্থী মো: শহিদুল করিম শিবলী পেয়েছেন ৭৮২৭ ভোট।
দ্বিগুনেরও বেশি ভোট পেয়ে বিজয়ী চেয়ারম্যান হলেন মো: সোহেল রানা। গত ১১ তারিখ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় গোদাগাড়ী ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন,যা সারাদিন ব্যাপী চলমান ছিল।
নির্বাচনী এ ইউনিয়নে মোট কেন্দ্রের সংখ্যা ১৪ এবং নারী-পুরুষ মিলিয়ে মোট ভোটার সংখ্যা ৩৪৮০৫ জন। ভোটগ্রহণ চলাকালীন সময়ে ৭ নং ওয়ার্ড,৯ নং ওয়ার্ড,৪নং ওয়ার্ড সহ অন্যান্য ওয়ার্ড পরিদর্শনকালে ভোট দিতে আসা ভোটারদের সাথে কথা বলে জানা যায়, অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে তারা ভোট প্রদান করতে পারছেন এবং প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে কোন বিশৃঙ্খলা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হচ্ছে।
এ ব্যাপারে নির্বাচনী প্রার্থীদের সাথে কথা বললে তারাও এ ব্যাপারে কোন অভিযোগ ব্যক্ত করেন নি। এছাড়াও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলেও জানা যায় সারাদিন উৎসব মুখর আমেজের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
তাতে করে কোন স্থানেই তেমন কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি। অত্যন্ত সুন্দর ও সুষ্ঠু ভাবেই ৬ নং মাটিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়।
