আলো ডেস্ক : নিজের গায়ে আগুন ধরানোর পর পাঁচ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা গেলেন এক তরুণী। গত বৃহস্পতিবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সুরাইয়া নেওয়াজ লাবণ্য (১৭) নামে এই তরুণীর মৃত্যু ঘটে। লাবণ্য গর্ভবতী ছিলেন। মৃত্যুর আগে সকালে তার মৃত সন্তান প্রসব হয়। ইনস্টিটিউটের চিকিৎসক ডা. আইউব হোসাইন বলেন, লাবণ্যের শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়। আর দগ্ধের কারণেই গর্ভেই মারা যায় নবজাতকটি। লাবণ্য ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার রহিমপুর গ্রামের আরিফুল ইসলামের একমাত্র মেয়ে লাবণ্য তার বাবার বাসায় গত ৯ অক্টোবর নিজের শরীরের কেরোসিন ঢেলে আগুন দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার শাহিন আলমের সঙ্গে দেড় বছর আগে লাবণ্যের বিয়ে হয়। শাহিন একজন গাড়িচালক। বিয়ের পর থেকে যৌতুকের জন্য শ্বশুড়বাড়ি থেকে লাবণ্যকে চাপ দিচ্ছিল বলে তার বাবা অভিযোগ করেছেন। তিনি বলেছেন, এ কারণে তার মেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছে। লাবণ্যকে ছোট অবস্থাতেই তার মায়ের সঙ্গে বাবার বিচ্ছেদ হয়। ময়মনসিংহে নানা-নানির কাছেই বড় হয়েছিল।
