স্টাফ রিপোর্টার:
রাজশাহীর মোহনপুরে মৌগাছি হাট থেকে পান বিক্রয় করে বাড়ির ফেরার পথে সিএনজির ধাক্কায় ৬০ বছর বয়সী আব্বাস আলী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল রোববার সকাল ৬ টার দিকে উপজেলার মৌগাছি এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্বাস আলীর বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের বিদিরপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত আব্বাস আলী রোববার সকাল ৬টার সময় মৌগাছি হাটে পান বিক্রয় করে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে সিএনজি ধাক্কা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে আব্বাস আলীর মৃত্যু হয়।
এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, এখনো কোন লিখিত অভিযোগ পাওয়া যাইনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
