আলো ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, এখন তো যুবকরা মোবাইল, ল্যাপটপ নিয়ে বসে থাকে। এটা খুব কষ্টের কথা। এই দেশটা তো যুবক, তরুণ, তরুণী, শ্রমিকদের। তারা যদি গা ঝাড়া দিয়ে না উঠতে পারে তাহলে এই দেশের ভবিষ্যৎ খুব প্রসন্ন নয়।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সমবায় দলের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় সাবেক সংসদ সদস্য দুদু এসব কথা বলেন। তরুণদের উদ্দেশ্যে দুদু প্রশ্ন করেন, আপনার দেশ, আপনার কোনও দায়িত্ব নেই? এ সময় তিনি বলেন, যদি আগামী এক বছরের মধ্যে আমরা সরকারের ওপর কার্যকর চাপ প্রয়োগ করতে ব্যর্থ হই, তাহলে এই দেশে বিপর্যয় নেমে আসবে। কেউ রক্ষা পাবে না। ঘরে বসে থাকলেও বিপদমুক্ত ভাবার কোনও কারণ নেই। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি রাস্তায় নামছে না কেন? বিএনপি ভীত না। পঁয়ত্রিশ লাখ মামলা হওয়ার পর যে পার্টি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যে দলের নেত্রী যিনি একটিও আপস করেননি। যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি শক্ত দাঁড়িয়ে আছেন। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় এমন নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে দুদু বলেন, আপনি অনন্তকাল থেকে যাবেন, এটা ভাবা ঠিক হবে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সমবায় দল বিএনপির কোনও অঙ্গ সংগঠন নয়। তবে তারা দলের আদর্শ ধারণ করেন।
