আলো ডেস্কঃ দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে আরও উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সোমবার (০৪ সেপ্টেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মেহেদী হাসান জানিয়েছেন, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির সমতল কমছে, যা বুধবার (৬ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীর পানির সমতল হ্রাস পাচ্ছে, যা মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত অব্যাহত থাকতে পারে। অন্যদিকে যমুনা নদীর তীরবর্তী গাইবান্ধা, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।
পাউবো জানিয়েছে, বিভিন্ন নদ-নদীতে পর্যবেক্ষণাধীন ১০৯টি পয়েন্টের আজ পানির সমতল বেড়েছে ৩১টিতে, কমেছে ৭৩টিতে। আর পরিবর্তিত আছে পাঁচটি স্টেশনের পানির সমতল।
