সংগৃহীত ছবি
আলো ডেস্ক
নিষিদ্ধ জঙ্গী সংগঠন আনসার আল ইসলামের ৩ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার (২৮ জুন) মধ্যরাতে অভিযান চালিয়ে কক্সবাজার সদরের চৌফলদন্ডী এলাকা হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী পুস্তিকা, লিফলেট ও বিস্ফোরক তৈরির ম্যানুয়াল উদ্ধার করা হয়।
শুক্রবার (২৮ জুন) সকালে র্যাব-১৫ এর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন, জামালপুরের ইসলামপুর এলাকার জাকারিয়া মন্ডল (১৯), ভোলার মো. নিয়ামত উল্লাহ (২১) ও ফেনী সোনাগজী এলাকার মো. ওজায়ের (১৯)।
ব্রিফিংয়ে আরাফাত ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় সদস্য। আফগানিস্তানে তালেবানের উত্থানে উদ্বুদ্ধ হয়ে আল কায়েদার মতাদর্শের এ জঙ্গি সংগঠনে যোগদান করেন। র্যাবসহ অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে আনসার আল ইসলামের কার্যক্রম প্রায় স্তিমিত হয়ে পড়ে। ফলে সংগঠনের নতুন সদস্য সংগ্রহসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে ব্যহত হচ্ছে বিধায় তাদের কার্যক্রমকে সচল রাখতে আনসার আল ইসলাম মতাদর্শী ‘আস-শাহাদাত’ নামে নতুন একটি জঙ্গি গ্রুপ তৈরি করে নতুন সদস্য সংগ্রহসহ দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছিলো।
তিনি বলেন, গ্রুপটি পাশের একটি দেশ হতে পরিচালিত হচ্ছে এবং এ সংগঠনের সদস্য সংখ্যা আনুমানিক ৮৫-১০০ জন। এ গ্রুপটির উদ্ভাবক হলেন পাশের দেশের নাগরিক হাবিবুল্লাহ এবং কথিত আমির সালাহউদ্দিন। তারা বিভিন্ন জেলায় জঙ্গি হামলার নাশকতার পরিকল্পনা অংশ হিসেবে কক্সবাজারে বৈঠক করতে আসেন।
র্যাবের প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা স্বীকার করে নিষিদ্ধ এই জঙ্গি গোষ্ঠীর সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
