আলো ডেস্ক
কুষ্টিয়ার মিরপুরে সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাসের যাত্রীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করা হয়েছে। শনিবার (২২ মার্চ) ভোর রাত সাড়ে ৪টার দিকে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কের মিরপুর পৌরসভার ভাঙাবটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় বাসের চালক আমজাদ হোসেন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডাকাতের কবলে পড়া এসবি সুপার ডিলাক্স বাসটির চালক আমজাদ হোসেন জানান, ঢাকা থেকে তাদের বাসটি কুষ্টিয়ার উদ্দেশে রাত পৌনে ১১টার দিকে ছেড়ে আসে। কুষ্টিয়া কাউন্টারে রাত সাড়ে ৩টার দিকে যাত্রী নামিয়ে সেহরি শেষ করে মেহেরপুরের উদ্দেশে রওনা হয়। এ সময় পথের মধ্যে ভোর রাত সাড়ে ৪টার দিকে মিরপুর ভাঙা বটতলা নামক স্থানে পৌঁছালে সড়কে গাছ ফেলা বাসের গতি রোধ করা হয়। এ সময় বাসটির পাশাপাশি কয়েকটি ট্রাক ও নসিমন আটকা পড়ে। এরপর একদল মুখোশধারী ব্যক্তি দরজা-জানালার গ্লাস ভেঙে বাসে ঢুকে গাড়ি থামাতে বলে।
মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। তবে বাসটিতে তেমন যাত্রী ছিল না বলে জানতে পেরেছি। এ ঘটনার তদন্ত চলছে।
এ বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা গিয়েছে। বিষয়টি নিয়ে পুলিশের টিম কাজ করছে।
