আলো ডেস্ক: গাজীপুরে টিনশেড ঘরে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে পড়ে মুশফিক নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুশফিক রাজশাহীর মোস্তাফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন- রুবেল (৩০), মোছা. মুক্তা (২৫), মো. জাহিদুল ইসলাম (২৮) ও শহীদুল ইসলাম (২২)। এলাকাবাসী জানায়, রিপন গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন পঞ্চম তলা ভবনের কাজ চলছিল।
রাতে ওই নির্মাণাধীন ভবনের তিন তলার দেওয়াল ধসে পাশের মো. বাচ্চু খানের টিনশেডে পড়ে। এতে মুশফিক ও তার মা মোছা. মুক্তাসহ ওই ভাড়া বাসার পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মুশফিক মারা যায়।
কোনাবাড়ী থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ বলেন, দেওয়াল ধসে এক শিশু মারা গছে। আহত হয়েছে চারজন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে সকাল পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।
