আলো ডেস্কঃ সাড়ে ৬ মাস আগে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সিংড়ার কবলে পড়ে ট্রলার ডুবিতে ভারতে আটকা পড়ে ১৫ জেলে। তাদের দেশে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ। গত শুক্রবার সন্ধ্যায় তাদের হস্তান্তর করা হয়। শনিবার জেলেদের সঙ্গে নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলন করেছে ছাবেরা ফাউন্ডেশন।
এর প্রতিষ্ঠাতা এবং অফিসার্স ক্লাব ঢাকার সাবেক সচিব ও সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন এ সময় লিখত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, উদ্ধার হওয়া জেলেরা ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ আহমেদপুর, চরকলমী ও আবদুল্লাহপুর ইউনিয়নের। ১৫ জেলে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে মাছ ধরার ট্রলার ডুবিতে গত ২৫ অক্টোবর নিখোঁজ হয়।
১৫টি পরিবার তাদের স্বজনদের হারিয়ে শোকের সাগরে ভাসতে থাকে। নিখোঁজ জেলেরা ভারতে সীমান্তে পৌঁছালে ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তাদের জেলখানায় পাঠায়। একটি নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারত বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় তাদের ভারতের জেলখানা থেকে বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা হয়।
তাদের অসহায় পরিবারের কথা চিন্তা করে দুই দেশের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ভারত সরকার, বাংলাদেশ সরকারের কাছে তাদের হস্তান্তর করে। তিনি বলেন, ১৫ জেলে উদ্ধারের ফলে ১৫টি পরিবার ফিরে পেলো বেঁচে থাকার স্বপ্ন। আমার মায়ের নামে প্রতিষ্ঠিত ছাবেরা ফাউন্ডেশনের সহযোগিতায় তাদের ভোলা জেলার চরফ্যাশনে পাঠানোর জন্য আর্থিকভাবে সহযোগিতা করা হয়।
