জামিনে থাকা আ. লীগ নেতাকে ধরে পুলিশে দিলেন বিএনপি নেতাকর্মীরা
আলো ডেস্ক
রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে রাজশাহী নগরীর সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে এনে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এই আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে থাকলেও তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনও মামলা ছিল না। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।’
