আলো ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জের আলাইয়ারপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমান গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। গতকাল বৃহস্পতিবার দুপুরে সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের সময় নৌকার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।
আহত চেয়ারম্যানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্র দখলের চেষ্টা করলে নৌকার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে আনারস প্রতীকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনিসুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়।
এ সময় পুলিশ ১০ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় আহত প্রার্থী আনিসুর রহমানের ছোট ভাই মো. আলী (২৬) ও খালাতো ভাই মোশাকপুরের মৃত সিরাজ মিয়ার ছেলে মো. মিরাজকে (২৪) আটক করা হয়েছে। আটক মো. আলীও গুলিবিদ্ধ হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি আরও বলেন, ভোটগ্রহণ স্বাভাবিক ও কেন্দ্রের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কেন্দ্রে অস্ত্র উদ্ধার করতে গিয়ে এসআই আহত: নোয়াখালীর বেগমগঞ্জে ভোটকেন্দ্রে সন্ত্রাসীদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে গিয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় আমানুল্লাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ২নং মহেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে কেন্দ্রের সামনে চাদর গায়ে দাঁড়িয়ে তাকা কয়েকজন বহিরাগত সন্ত্রাসীদের চ্যালেঞ্জ করেন এসআই আনোয়ার।
পরে তারা দৌড়ে পালানোর সময় একটি পিস্তল মাটিতে পড়ে যায়। তা উদ্ধার করতে গিয়ে সন্ত্রাসীদের ছোঁড়া চাদর পেঁচিয়ে পড়ে গিয়ে এসআই আনোয়ার আহত হন। এদিকে সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার ও আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধারে পুলিশের সাঁড়াশি অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
