আলো ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় পাহাড় কাটতে গিয়ে মাটিচাপা পড়ে তিন রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ অপরজনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস। গতকাল বুধবার সকালে উপজেলার উখিয়া সদরের মূহুরীপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রোহিঙ্গা ক্যাম্প-১-ওয়েস্ট সি-১৪ এর বাসিন্দা আবদুল মোতালেবের ছেলে জাহিদ হোসেন (২৩), ১৯ নম্বর ক্যাম্পের ১-ওয়েস্ট ব্লক-বি-৭’র বাসিন্দা মোহাম্মদ ওয়ারেসের ছেলে ছৈয়দ আকবর (২০) ও ক্যাম্প-১৭ এর ব্লক-এইচের সুলতান আহমদের ছেলে নুরুল কবির(৩০)। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহুরীপাড়া এলাকার নেছার আহমদের বাড়ির পাহাড় কেটে সমতল করার কাজ করছিল একদল রোহিঙ্গা শ্রমিক।
একপর্যায়ে ওপরে থাকা নেছার আহমেদের বাড়ির আঙিনা অংশের পাহাড় ধ্বসে পড়লে চার শ্রমিক মাটিতে চাপা পড়েন। খবর পেয়ে স্থানীয়রা একজনকে মৃত উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ এমদাদুল হক বলেন, দুজনের লাশ উদ্ধারের পর যন্ত্রপাতি ব্যবহার করে ছৈয়দ আকবরের লাশও উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনাস্থলে কান্নারত ছৈয়দ আকবরের মা রাবেয়া বসরী বলেন, গত মঙ্গলবার কাজের সন্ধানে ছেলেকে পাঠিয়েছিলাম। আর এখন লাশ হলো। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নিহতদের লাশ উখিয়া থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর উদ্যোগ চলছে।
