আলো ডেস্ক: জালিয়াতির মাধ্যমে সরকারি জমি আত্মসাতের অভিযোগে দুর্নীতির মামলা বাতিলে সাবেক চিফ হুইপ ও বিএনপি নেতা এবং সাবেক সংসদ সদস্য (এমপি) জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমার আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে জারি করা রুল খারিজ করে গতকাল বুধবার রায় দেন বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ। এর ফলে বিচারিক আদালতে তার বিরুদ্ধে মামলা চলবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো: সাইফুর রহমান সিদ্দিকী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ইয়ারপুর মৌজায় সরকারি খাস জমির ভুয়া দানপত্র দলিলের মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করার ঘটনায় জেলা দুর্নীতি দমন ব্যুরোর মোহাম্মদ আলী বাদী হয়ে ১৯৯৯ সালের ৩০ মে সেনবাগ থানায় কানিজ ফাতেমাসহ আটজনকে আসামি করে মামলা করেন।
মামলাটি তদন্ত করে দুদকের উপপরিচালক নিরাপদ স্বর্ণকার ২০১৫ সালের ১৮ জানুয়ারি আটজনের বিরুদ্ধে অভিযোগ পত্র দাখিল করেন। গত ১৯ মার্চ আদালত সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
পরে তিনি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। ২০১৯ সালের ২ ডিসেম্বর হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন।
