আলো ডেস্কঃ টাঙ্গাইলের দেলদুয়ারে সহেড়াতৈল-দুল্যা সংযোগস্থলে ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজটি ভেঙে ট্রাক তলিয়ে গেছে। এ নিয়ে চতুর্থবারের মতো ব্রিজটি ভেঙে পড়েছে। এসময় আহত হয় চালকসহ ট্রাকের চার আরোহী। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শুক্রবার মধ্যরাতে টাঙ্গাইল থেকে দেলদুয়ারের দিকে একটি বালুবাহী ট্রাক যাচ্ছিল। দক্ষিণ প্রান্তে পৌঁছালে ব্রিজটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে। এসময় বিকট শব্দে ট্রাকটি পানিতে পড়ে যায়। উত্তর পাশে ব্রিজের অংশ সড়ক থেকে পূর্ব দিকে সরে গেছে। দক্ষিণ অংশের রেলিং ভেঙে যায়। এ খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সহেড়াতৈল গ্রামের তানভীর সিদ্দিকি জানান, ব্রিজটি ঝুকিপূর্ণ। দু’পাশে সতর্ক সঙ্কেত দিয়ে সাইনবোর্ড টাঙানো রয়েছে। তারপরও অতিরিক্ত মালবোঝাই যানবাহন অহরহ চলাচল করে। গতরাতে বালু বোঝাই ট্র্রাকসহ ব্রিজটি ভেঙে পড়ে। এর ফলে টাঙ্গাইল জেলা শহরের সাথে দেলদুয়ার উপজেলার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে। বন্ধ হয়ে গেছে সব ধরনের যানবাহন চলাচল। নৌকা দিয়ে পারাপারা হচ্ছে সাধারণ মানুষ।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বলেন, ঘটনা শোনার পর আমি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। চারজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কারো মৃত্যু হয়নি। বিষয়টি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
টাঙ্গাইল সড়ক ও জনপদ বিভিগের নির্বাহী প্রকৌশলী আলিউল হোসেন জানান, ঘটনাটি শুনেছি। ব্রিজটি সংস্কারের জন্য যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। আজকেই ব্রিজ সংস্কারের কাজ শুরু হবে। খুব দ্রুত সময়ে মেরামত করে যানবাহন চলাচলের জন্য উপযোগী করা হবে।
এদিকে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এ পর্যন্ত ব্রিজটি চারবার ভেঙে পড়ল। কাঠের সেতু থাকা অবস্থায় দু’বার। বেইলি ব্রিজ হওয়ার পর দু’বার। ২০১৭ সালের ১৭ জুলাই সারবাহী একটি ট্রাক নিয়ে ব্রিজটি ভেঙে পড়েছিল। আজ নতুন করে আবার ভেঙে পড়ল। ব্রিজটি সাময়িক মেরামতের পাশাপাশি নতুন করে ব্রিজ নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
