স্টাফ রিপোর্টার-
রাজশাহী মহানগরীতে মুরগির দাম কেজিতে ১০ টাকা বেশি নেওয়ায় বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার দুপুরে (১৯ আগস্ট) মহানগরীর হড়গ্রাম বাজারে ঢুকে কৌশলে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় হাতেনাতে ধরা পড়ে ১০ হাজার টাকা জরিমানা দিয়েছে ওই বাজারের রবিউল নামের এক মুরগি ঘরের।
এই সময় বেশি দামে মুরগির ডিম বিক্রি করায় তিন ডিম বিক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
অভিযানটি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে সহায়তা করে পুলিশ।
সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, শুক্রবারের এই অভিযানে মোট চারটি প্রতিষ্ঠানকে বিভিন্ন কারণে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভাউচার না দেওয়া, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে মুরগি ও ডিম বিক্রি করায় তাদের জরিমানা করে ভোক্তা অধিকার।
তিনি আরও বলেন, খুচরা পর্যায়ের বিক্রতা ও ব্যবসায়ীরা সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়ায় বাজার নিয়মিত যাচাই করা হচ্ছে। যেহেতু ডিম-মুরগির দাম বাড়ার কারণে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার চেষ্টা করছেন তাই নিয়মিতই অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এই কর্মকর্তা।
