আলো ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করেছে সরকার। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। অফিস চলাকালে দুপুর ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, হিজরি ১৪৪৭ সন ও ২০২৬ সালের রমজান মাস উপলক্ষে সরকারি অফিসের সময়সূচি নির্ধারণের প্রস্তাব অনুমোদন হয়েছে। রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। প্রেস সচিব বলেন, গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় এ অনুমোদন দেওয়া হয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি রমজান মাস শুরু হতে পারে। সে অনুযায়ী রমজান মাসজুড়ে সরকারি অফিসের কার্যক্রম নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। নতুন সময়সূচি অনুযায়ী, রমজান মাসে অফিস চলাকালে দুপুর ১টা থেকে সোয়া ১টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে। এ সময়ে কর্মকর্তা-কর্মচারীরা জোহরের নামাজ আদায়ের সুযোগ পাবেন। প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ও সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি।
