সবাইকে নিজস্ব ঘর দিতে সরকার কাজ করে যাচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী
আলো ডেস্ক: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্যোগপ্রবণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, জলচ্ছাস, ভূমিধ্বস, নদীভাঙন এ দেশের সাধারণ প্রাকৃতিক দুর্যোগ। এসব দুর্যোগের কারণে গ্রামীণ জনগোষ্ঠীতে বাস্তুচ্যুত পরিবার ও গৃহহীনতার সংখ্যা বৃদ্ধি পায়। এমন অবস্থা থেকে পরিত্রাণের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি।
গতকাল সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এশিয়া শেল্টার ফোরাম (এএসএফ)-২০২২ এর বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের সকল নাগরি নিজস্ব ঠিকানা পাবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এএসএফের এবারের থিম স্থিতিস্থাপক আশ্রয় এবং বসতি-নীতি ও অনুশীলন। বাংলাদেশ সরকার এএসএফের এ অবস্থানকে সমর্থন করে। এর মাধ্যমে কেউ গৃহহীন হবে না বা পিছিয়ে থাকবে না। সবাই তাদের নিজস্ব ঠিকানা পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ প্রতিশ্রুতি দিয়েছেন।
ড. এনাম বলেন, এ সম্মেলনের মাধ্যমে আমরা সব স্তরে (স্থানীয়, জাতীয়, আঞ্চলিক এবং বৈশ্বিক) শেল্টার কমিউনিটি অব প্র্যাকটিসে জ্ঞান, অভিজ্ঞতা ও সর্বোত্তম অনুশীলনগুলো ভাগাভাগি করে নেওয়ার একটি প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হব। আমি বিশ্বাস করি, এ জাতীয় ফোরাম শক্তিশালী করা দরকার। এশিয়া শেল্টার ফোরাম ২০২২-এর আয়োজক হতে পারা আনন্দের বিষয় বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
