আলো ডেস্ক
সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগ ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে জনগণ এবার স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। শনিবার (২৯ মার্চ) সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকারের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে জনগণ নির্বিঘ্নে ও ভালোভাবে ঈদযাত্রা করতে পারে এবং ঈদ শেষে নিরাপদে ঢাকায় ফিরে আসতে পারে।
রাজধানীতে চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ফাঁকা ঢাকায় কোনও ষড়যন্ত্রের হুমকি আছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আল্লাহর রহমতে এ ধরনের কোনও ষড়যন্ত্রের হুমকি নেই।’
তিনি আরও বলেন, ‘যদি কোনও ষড়যন্ত্রের হুমকি থাকে জনগণকে সাথে নিয়ে আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করবো। জনগণ সঙ্গে থাকলে ও মোকাবিলা করলে কেউ কোনও ষড়যন্ত্র করতে পারবে না।’
পরিদর্শনকালে উপদেষ্টা রাজধানীর বাস টার্মিনাল, প্রবেশ ও বহির্গমন পয়েন্টগুলো যানজটমুক্ত রাখতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশ দেন। তাছাড়া তিনি নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত বাসভাড়া আদায়ের কোনও অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
