আলো ডেস্ক
রাজধানীসহ সারা দেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে আজ (১০ ফেব্রুয়ারি) ৩৪৩ জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অন্যান্য অভিযানসহ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদর দফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৩৪৩ জনকে। এছাড়া রবিবার (৯ ফেব্রুয়ারি) রাত থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ১ হাজার ৫২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশবিরোধী চক্র, সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনতে রবিবার (৯ ফেব্রুয়ারি) থেকে ডেভিল হান্ট অভিযান শুরু করা হয়েছে। এসব ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
