স্টাফ রিপোর্টার
রাজশাহীর গোদাগাড়ী থানার কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পাঞ্জাব আলীকে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চারঘাটের ইউসুফপুর এলাকা থেকে তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পাঞ্জাব আলী কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হিসেবে কর্মরত। রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার জয়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ইউসুফপুর এলাকার পুরোনো বিওপির সামনে অভিযান চালিয়ে এএসআই পাঞ্জাব আলীকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, এএসআই পাঞ্জাব আলীকে মঙ্গলবার রাতে বিজিবি ইয়াবাসহ আটক করেছে। এ ঘটনায় তারা বাদী হয়ে থানায় মামলাও করেছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
