আলো ডেস্ক
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না। শুক্রবার (২৩ মে) ফেসবুকে এক স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি। প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র মধ্যে অনুষ্ঠিত হবে বলেও তিনি জানিয়েছেন। অবশ্য পরে সেই স্ট্যাটাস মুছে ফেলে নতুন আরেকটি পোস্ট দেন তিনি। সেখানে আগের স্ট্যাটাসকে ‘ব্যক্তিগত মত’ উল্লেখ করে সেটার সূত্র ধরে নিউজ না করারও অনুরোধ জানান তিনি।
ফয়েজ আহমদ তৈয়্যব আগের পোস্টে লেখেন, ‘অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূসের ক্ষমতা প্রয়োজন নেই, কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশের শান্তিপূর্ণ ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য ড. ইউনূস স্যারের দরকার আছে। বরং ক্যাবিনেটকে আরও গতিশীল হতে হবে। সরকারকে আরও বেশি ফাংশনাল হতে হবে, উপদেষ্টাদের আরও বেশি কাজ করতে হবে, দৃশ্যমান অগ্রগতি জনতার সামনে উপস্থাপন করতে হবে— এ ব্যাপারে কোনও দ্বিমত থাকতে পারে না। আমাদের দেখাতে হবে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার সম্মতিতে ক্ষমতায় এসে ড. ইউনূস সাফল্য দেখিয়েছেন।’
দরকারি প্রস্তুতি শেষ করে নির্বাচন এপ্রিল-মে’র কোনও সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এটা আমার ব্যক্তিগত মতামত। এসময়ে সব যৌক্তিক সংস্কার শেষ করতে হবে, করতে হবে জুলাই সনদ। তবে ডিসেম্বর থেকে জুনে দেওয়া রোডম্যাপ মতে নির্বাচনের তারিখ ঘোষণার এখতিয়ার শুধুমাত্র স্যারের। স্যারের এখতিয়ার অন্য কেউ হাইজ্যাক করতে পারবে না।’
উল্লেখ্য, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন—বৃহস্পতিবার (২২ মে) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগ না করার অনুরোধ জানান নাহিদ ইসলাম।
