আলো ডেস্ক
প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আজ, কাল পরশুর মধ্যে নির্বাচের সুনির্দিষ্ট রোডম্যাপ দিন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ তিন উপদেষ্টাকে বিদায় করুন। আপনি তাদের বলেন হয় নিজেরাই পদত্যাগ করুক, নয়তো আপনি তাদের বিদায় করেন।
শুক্রবার (২৩ মে) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অপারেজয় বাংলাদেশ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, জুলাই অভ্যুত্থানে কোটি কোটি মানুষের সহানুভূতি নিয়ে আপনাকে প্রধান উপদেষ্টা হিসেবে বসানো হয়েছে। দীর্ঘ ৯ মাস হলো আপনি নির্বাচনের কোনও রোডম্যাপ দিতে পারেননি। আপনি বলেছেন, জুনে নির্বাচন হবে কিন্তু সেটার বিষয়েও সুনির্দিষ্ট কোনও আলাপ নেই।
তিনি আরও বলেন, আপনি নন্দিত হয়ে এসেছেন কিন্তু নিন্দিত হয়ে যাবেন না। তাহলে আমরা কষ্ট পাবো। আমরা শুনতে পাচ্ছি, আপনি নাকি পদত্যাগ করতে চাচ্ছেন। এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। কারা দায়ী এই অস্থিরতার জন্য। তাদের ছাটাই করুন আর নির্বাচনের রোডম্যাপ দিন। আপনাদের ভেতরের লোকজন এই অস্থিরতা তৈরি করছে। এর জন্য বিএনপি দায়ী নয়।
সংগঠনের সহ-সভাপতি এম এ আজাদ চয়নের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু ও সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।
