আলো ডেস্ক: জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, দেশের মানুষ ভালো নেই। দ্রব্যমূল্য উর্ধগতির কারণে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ।
যেভাবে নিত্যপণ্যের দাম বেড়ে যাচ্ছে তাতে সাধারণ মানুষের দিন চালাতে কষ্ট হয়ে যাচ্ছে। গতকাল সোমবার জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় কালে জি এম কাদের এ কথা বলেন।
তিনি বলেন, সরকার অযৌক্তিকভাবে তেলের দাম বাড়িয়ে দেওয়ায় প্রতিটি সেক্টরে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। ডিজেল ও কেরোসিনের দাম বাড়ায় পরিবহন ব্যয়ও বেড়ে গেছে। বিরুপ প্রভাব পড়ছে প্রতিটি সেক্টরে।
কাঁচামালসহ প্রতিটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে আকাশচুম্বী হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের কষ্ট দেখার যেন কেউ নেই। সরকারি কলেজ ও মাদ্রাসায় কর্মরত বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. দুলাল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু, প্রেসিডিয়াম সদস্য মীর আবদুস সবুর আসুদ,
উপদেষ্টা এম এ কুদ্দুস খান, যুগ্ম মহাসচিব মো. জসিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন, দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খান, যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম, কেন্দ্রীয় নেতা শেখ সরোয়ার হোসেন, জিয়াউর রহমান বিপুল।
